ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ শহরের উপশহর পাড়ায় বখাটে যুবকের ছুরিকাঘাতে স্কুলছাত্রী পূজা বিশ্বাস জখম হওয়ার ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার সকালে গ্রেপ্তার হওয়া এই দুজন হলেন একই এলাকার রুহুল আমিন ও তাঁর স্ত্রী রুপা বেগম। পুলিশ এ কথা জানিয়েছে।

সোমবার রাতের এ ঘটনায় রাতেই একই পাড়ার বখাটে যুবক লিটুকে প্রধান আসামি করে গ্রেপ্তার দুজনসহ পাঁচজনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন পূজার বাবা বিপুল কুমার বিশ্বাস। পূজার পরিবারের অভিযোগ, এই দম্পতি বখাটে লিটুর সহযোগী।

সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, মূল আসামি লিটুকে গ্রেপ্তারে পুলিশ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। পূজার পরিবার বলছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঝিনাইদহ শহরের জমিলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী পূজা বিশ্বাসকে সোমবার সন্ধ্যায় লিটু নামের ওই বখাটে যুবক ছুরিকাঘাত করে আহত করেন। বর্তমানে পূজা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, পূজা ভালো আছে।