ছাত্রীকে জখম করার ঘটনায় স্কুলছাত্র বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে জখমের ঘটনায় গত বুধবার শাহাদাত হোসেন নামের এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। শাহাদাত অলিপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে শাহাদাত ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। এতে সাড়া না দেওয়ায় ছাত্রীটির ওপর সে ক্ষিপ্ত হয়। গত মঙ্গলবার বিকেল চারটার দিকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শাহাদাত ওই ছাত্রীর গতি রোধ করে। দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহাদাত পকেট থেকে ধারালো ব্লেড বের করে ওই ছাত্রীর ঘাড়, মুখ ও হাতে আঘাত করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শাহাদাত পালিয়ে যায়। লোকজন ছাত্রীটিকে সেখান থেকে উদ্ধার করে তার বাড়ি নিয়ে যান। সেখানে গ্রাম্য চিকিৎসকের কাছে ওই ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার রাতে ওই ছাত্রী অলিপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে শাহাদাতের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। ছাত্রীর আবেদন পেয়ে বুধবার বিদ্যালয়ের ব্যবস্থা কমিটি এক জরুরি বৈঠকে বসে ও ওই ছাত্রকে দোষী সাব্যস্ত করে বিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। জরুরি সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুজ্জামান স্বপন।
ছাত্রীটি জানায়, এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, ছাত্রীর আবেদনের ওপর ভিত্তি করে ব্যবস্থাপনা কমিটি ওই ছাত্রের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নেয়।