ছাত্রীকে জিম্মি করে ধর্ষণ ও বিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে জোর করে সপ্তম শ্রেণির এক ছাত্রীর (১৪) নগ্ন ভিডিও চিত্র ধারণের পর জিম্মি করে তাকে ধর্ষণ ও পরে বিয়ে করার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা গতকাল শুক্রবার বিকেলে বাদী হয়ে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের যমুনাপাড়া গ্রামের মো. মনিরুজ্জামানের (২৯) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগটি প্রাথমিকভাবে তদন্ত করার পর ব্যবস্থা নেওয়া হবে।
লিখিত অভিযোগ ও ছাত্রীর পরিবার সূত্র জানায়, মেয়ের বাবা গরিব হওয়ায় তার লেখাপড়ার খরচ চালাতে পারতেন না। এ কারণে প্রায় চার মাস আগে ভায়রা মো. মনিরুজ্জামান পড়ালেখা করাতে তাঁর মেয়েকে নিজ বাড়ি নিয়ে যান। ওখান থেকেই মেয়েটি লেখাপড়া করত। ওই বাড়িতে যাওয়ার কিছুদিন পর থেকেই খালু তাঁকে খারাপ কথা বলত। প্রায় দুই মাস আগে এক রাতে খালু তার শোয়ার ঘরে ঢুকে জোরপূর্বক মুঠোফোনে তার নগ্ন ভিডিওচিত্র ধারণ করেন। এ ঘটনার পর সে বিষয়টি তার বাবা-মাকে জানায়। বিষয়টি জানার পর মেয়ের বাবা-মা তাকে সেখান থেকে নিজেদের বাড়ি নিয়ে আসেন। এরপর মেয়েটি বাবার বাড়ি থেকেই স্কুলে যাতায়াত করত। কিন্তু স্কুলে যাওয়ার পথেও খালু তাকে আবার উত্ত্যক্ত করা শুরু করেন। কথা না শুনলে তার খালু মুঠোফোনে ধারণ করা ভিডিও চিত্র লোকজনকে দেখাবেন বলে মেয়েটিকে ভয় দেখাতেন। গত ১৯ অক্টোবর সকালে মেয়েটি স্কুলে যাওয়ার পথে মনিরুজ্জামান তাকে জোরপূর্বক অটোরিকশায় করে সিরাজগঞ্জে নিয়ে যান। এরপর সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে একটি বাড়িতে রেখে ধর্ষণ করেন। এরপর মনিরুজ্জামান গত বুধবার মেয়েটিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় তাঁর এক আত্মীয়ের বাড়ি নিয়ে যান। সেখানে জোরপূর্বক মেয়েকে বিয়ে করেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে গত বৃহস্পতিবার রাত ১০টায় মনিরুজ্জামান তাঁর আত্মীয়স্বজনের সহযোগিতায় মেয়েটিকে তার বাড়িতে ফিরিয়ে দেন।
মনিরুজ্জামানের সঙ্গে কথা বলতে গতকাল বিকেলে যমুনাপাড়া গ্রামে গেলেও তাঁকে পাওয়া যায়নি।