ছাত্রীকে তুলে নিয়ে মারপিটের ঘটনায় মামলা
বগুড়ার ধুনট উপজেলায় স্কুলছাত্রীকে জোর করে তুলে নিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বখাটে আকুলসহ তিনজনের বিরুদ্ধে ধুনট থানায় মামলাটি করেন।
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গতকাল সোমবার বিকেলে বখাটে আকুল ও তাঁর কয়েকজন সহযোগী ওই স্কুলছাত্রীকে জোর করে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে আহত করে। এ সময় ওই ছাত্রীর বাড়িতে ভাঙচুরও করা হয়। ঘটনার আধা ঘণ্টা পর গ্রামবাসীর সহযোগিতায় বখাটের জিম্মিদশা থেকে স্কুলছাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাত চক্রবর্তী ওই স্কুলছাত্রীকে দেখতে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, এ ঘটনা জানার পরই অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই স্কুলছাত্রীর সঙ্গে যাঁরা এটা করেছেন, তাঁরা যে–ই হোক না কেন, তাঁদের গ্রেপ্তার করা হবে।
ভান্ডারবাড়ি সালেহা জহুরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন, ‘ওই ছাত্রী একসময় আমাদের বিদ্যালয়ে ভর্তি হয়েছিল। বখাটে আকুলের অত্যাচারে সে এখান থেকে অন্য এলাকায় নানার বাড়িতে চলে যায়। আকুল শুধু ওই স্কুলছাত্রীকেই উত্ত্যক্ত করেনি, সে আমার স্কুলের অন্য ছাত্রীদেরও রাস্তাঘাটে চলাচলের সময় নানাভাবে উত্ত্যক্ত করে। এ বিষয়ে তিন মাস আগে আকুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ সেই ঘটনার তদন্ত করেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।’
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অভিযোগের পর আকুলকে গ্রেপ্তারের জন্য কয়েকবার চেষ্টা করা হয়েছে। কিন্তু ঘটনার পর থেকে আকুল এলাকা ছেড়ে পালিয়ে যান। এখনো তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মঙ্গলবার বিকেলে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই ছাত্রীকে দেখতে যান। এ সময় তিনি তার চিকিৎসার সব খরচ বহন করার পাশাপাশি তাদের জন্য নতুন বাড়ি নির্মাণ করে পুনর্বাসনের ঘোষণা দেন।