ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় কলেজ থেকে এক ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে কয়েকজন বখাটে। তাতে ব্যর্থ হয়ে ওই ছাত্রীর পাশে দাঁড়িয়ে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলতে শুরু করলে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। গতকাল বুধবার ওই ঘটনা ঘটে।
কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল নয়টার দিকে ওই ছাত্রী শ্রেণিকক্ষের সামনে সহপাঠীসহ হাঁটাহাঁটি করছিল। এ সময় স্থানীয় রুবেল চৌকিদার (২২) নামে এক তরুণ মেয়েটির হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ব্যর্থ হয়ে রুবেল ওই ছাত্রীর সামনে দাঁড়িয়ে বিভিন্ন ভঙ্গি করতে থাকেন। এ সময় তাঁর দুই সহযোগী মুঠোফোনে মেয়েটিসহ রুবেলের কয়েকটি ছবি তুলে নেয়। ঘটনা দেখে অন্য শিক্ষার্থীরা তাদের তাড়া করলে ওই তিন বখাটে পালিয়ে যায়। কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, রুবেল চৌকিদার ও তাঁর দুই সহযোগী ছাত্রীটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাতে ব্যর্থ হওয়ায় মেয়েটির সঙ্গে দুই থেকে তিনটি ছবি মুঠোফোনে তুলে নিয়ে যায়।
পাথরঘাটা থানার ওসি জি এম শাহনেওয়াজ বলেন, ‘ঘটনাটি আমাদের জানা নেই। এ ব্যাপারে কেউ অভিযোগও করেননি।’