ছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ীতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গত শুক্রবার জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নিখোঁজের ৪০ দিন পার হলেও একই শ্রেণির অপর এক ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

নালিতাবাড়ীর ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল ছয়টার দিকে সে ঘর থেকে বের হয়ে আঙিনায় যায়। এ সময় পাশের গ্রামের এক তরুণ(২৪) ও তাঁর দুই সহযোগী দুটি মোটরসাইকেলে করে এসে মেয়েটিকে তুলে নিয়ে পালিয়ে যান। এ সময় মেয়েটির চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশী এগিয়ে এলেও তাঁদের ধরা যায়নি। এ ঘটনায় মেয়েটির বাবা রাতে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মেয়েটির বাবা বলেন, ‘ওই ছেলে দুই মাস আগে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়ের বয়স কম হওয়ায় আমরা রাজি হই নাই। তাই তারা জোর করে মেয়েকে তুলে নিয়ে গেছে।’

স্থানীয় ইউপির চেয়ারম্যান মো. খোরশেদ আলম বলেন, ‘বিষয়টি জানানো হয়নি। লোকমুখে শুনেছি।’

এ বিষয়ে কথা বলার জন্য গতকাল ওই তরুণের মুঠোফোনে একাধিকবার কল করা হলে নম্বর বন্ধ পাওয়া গেছে।

নালিতাবাড়ী থানার ওসির মো. ফসিহুর রহমান বলেন, গতকাল ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সরিষাবাড়ী থানা-পুলিশ ও নিখোঁজ ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, ওই ছাত্রী গত ২৫ এপ্রিল বাড়ি থেকে সকাল ৯টায় পড়তে যায়। পরে আর বাড়িতে ফিরে আসেনি।