ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকে ধর্ষণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলায় গত মঙ্গলবার সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আটক করলে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি অভিযুক্ত ব্যক্তিকে ছাড়িয়ে নিয়ে যান। একই দিন রাজবাড়ীর বালিয়াকান্দিতে ছোট দুই ভাইকে জিম্মি করে বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এর আগের দিন ঝালকাঠির রাজাপুর উপজেলায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
সাতক্ষীরার শিশুটিকে সদর হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার শিশুটির মা বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রতিবেশী ওই ব্যক্তি (৪৫) খাবার দেওয়ার কথা বলে মেয়েটিকে বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। চিৎকারে তিনিসহ এলাকার কয়েকজন সেখানে যান। এ সময় ওই ব্যক্তিকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ঘটনাটি মীমাংসার কথা বলে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান। এখন ওই ব্যক্তির স্বজনেরা বিষয়টি নিয়ে ‘বাড়াবাড়ি’ করলে মারধরের হুমকি দিচ্ছেন। অভিযুক্ত ব্যক্তি বলেন, তাঁর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অপবাদ দেওয়া হচ্ছে। ওই যুবলীগ নেতা বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হচ্ছিল—এ খবর পেয়ে তিনি বকাবকি করে তাঁকে ছেড়ে দিয়েছেন। বিষয়টি মিটে গেছে।
এদিকে ঝালকাঠির রাজাপুর উপজেলায় দশম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি এবং এতে সহযোগিতা করার অভিযোগে ওই ছাত্রীর মাকে আসামি করে গত সোমবার রাতে মামলা হয়েছে।
এজাহারে বলা হয়, ওই ছাত্রীর মা এক ব্যক্তির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি ধামাচাপা দিতে মা তাঁকে একই ব্যক্তির সঙ্গে সম্পর্ক করার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে মায়ের সহযোগিতায় ওই ছাত্রীকে দীর্ঘদিন ধর্ষণ করেন ওই ব্যক্তি। পরে চাপ দিলে ওই ব্যক্তি বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং হত্যার হুমকি দেন। ওই ছাত্রী গতকাল ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁর মা ও অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানায়।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ছোট দুই ভাইকে জিম্মি করে বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার মেয়েটি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এ বিষয়ে মেয়েটির বাবা দুজনকে আসামি করে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ইমদাদুল হক নামের এক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মেয়েটির বাবা ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ওই শিক্ষার্থী (১১) তার ছোট দুই ভাইকে (আপন ভাই ও চাচাতো ভাই) সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিল। পথে বেতেঙ্গা গ্রামের একটি বাগানের কাছে পৌঁছালে ওই গ্রামের আরিফ খান (২২) ও বাজার বেতেঙ্গা গ্রামের এমদাদুল হক (২৩) তাদের মেহগনিবাগানে নিয়ে যায়। তারা মেয়েটির দুই ভাইয়ের মুখ মাটিতে চেপে ধরে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে আরিফ মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালান। মেয়েটি আরিফের হাতে কামড় দিয়ে দৌড় দেয় ও চিৎকার করতে থাকে। এ সময় আশপাশের লোকজন এসে ইমদাদুল হককে ধরে পিটিয়ে থানা-পুলিশে সোপর্দ করে। তবে আরিফ পালিয়ে যান।