ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ, অপহরণ এবং অবৈধভাবে তার গর্ভপাত ঘটানোর অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আমিনুল ইসলাম (৩৮)। তিনি পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। বুধবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় আমিনুল ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে তাদের বাড়িতেই গত ৭ জানুয়ারি ইউপি সদস্য আমিনুল ইসলাম বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরে আমিনুল তাকে বেশ কয়েকবার ধর্ষণ করেন। এ অবস্থায় ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সে ছয়-সাত দিন আগে বিষয়টি তার মাকে জানায়। পরে তার পরিবার ঘটনাটি ইউপি সদস্য আমিনুলের পরিবারের লোকজনকে জানায়। ৯ জুন রাত আটটার দিকে আমিনুলের সহায়তায় কয়েকজন ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে তার বাড়ি থেকে মোটরসাইকেলে অপহরণ করে নিয়ে যায়। পরে ছাত্রীর বাবা ও পরিবারের অন্য সদস্যরা জানতে পারেন তাকে রংপুর নিয়ে যাওয়া হয়েছে। তারা আরও জানতে পারেন, বুধবার রংপুর ধাপ এলাকার একটি ক্লিনিকে তার গর্ভপাত ঘটানো হয়েছে।