ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার
বগুড়ার দুপচাঁচিয়ার পল্লিতে গতকাল বৃহস্পতিবার রাতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে আজ শুক্রবার বিকেলে রবিউল ইসলাম (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই ছাত্রীর বরাত দিয়ে দুপচাঁচিয়া থানার পুলিশ জানায়, ওই ছাত্রী পরিবারের সঙ্গে দুপচাঁচিয়া এলাকায় থাকে। গতকাল রাতে পড়াশোনা শেষে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য সে ঘর থেকে বের হয়। এ সময় একই এলাকার রবিউল তাঁকে ধর্ষণ করেন। মেয়ের চিৎকারে তার পরিবারের অন্য সদস্যরা বের হলে রবিউল পালিয়ে যান। সকালে ওই ছাত্রীর দাদা থানায় অভিযোগ করলে পুলিশ দুপুরে রবিউলকে পাশের গ্রাম থেকে গ্রেপ্তার করে।
দুপচাঁচিয়া থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল হক বলেন, রবিউল পুলিশের কাছে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই ছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।