ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গতকাল রোববার মামলা হয়েছে। এ ঘটনায় নুর মোহাম্মদ আলী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈরে নানির বাড়িতে থেকে একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করছে মেয়েটি। সে প্রতিদিন নুর মোহাম্মদের বাড়ির সামনে দিয়ে বিদ্যালয়ে যাওয়া-আসা করত। বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দেন নুর মোহাম্মদ। মেয়েটি রাজি না হলে ক্ষিপ্ত হন তিনি। এর জেরে সাত মাস আগে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাকে জোর করে নিজের ঘরে নিয়ে যান নুর মোহাম্মদ। তখন তাঁর বাড়িতে কেউ ছিল না। একপর্যায়ে মেয়েটিকে মুখ বেঁধে ধর্ষণ করেন তিনি। এ ঘটনা কাউকে জানালে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেন তিনি। ভয়ে মেয়েটি ঘটনা কাউকে জানায়নি। সম্প্রতি মেয়েটির শরীরের পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। ২৪ ফেব্রুয়ারি পরিবারের সদস্যরা মেয়েটিকে উপজেলার সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে ডাক্তারি পরীক্ষা করান। পরীক্ষায় ধরা পড়ে, মেয়েটি সাত মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানতে পেরে গতকাল সকালে মেয়েটির মামা কালিয়াকৈর থানায় মামলা করেন। এরপর দুপুরে নুর মোহাম্মদকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
সফিপুর জেনারেল হাসপাতালের গাইনি চিকিৎসক জোবেদা হাসান বলেন, মেয়েটি এখন সাত মাসের অন্তঃসত্ত্বা।
কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন বলেন, নুর মোহাম্মদ মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।