ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক, বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী সদর উপজেলার এক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার ওই শিক্ষককে আটক করেছে পুলিশ। তাঁকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ছাত্রীর বাবা জানান, তাঁর মেয়ে বিদ্যালয়েই ওই শিক্ষকের কাছে কোচিং করত। গত সোমবার বিদ্যালয়ে গিয়ে মেয়ে আর বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজি করে পরদিন বেলা একটার দিকে পটুয়াখালী শহরের একটি হাসপাতালের বারান্দায় তাকে খুঁজে পান। কাউকে না জানিয়ে বাড়ি থেকে এখানে আসার কারণ জানতে চাইলে সে সব খুলে বলে।
ছাত্রীর বরাত দিয়ে তার বাবা ও পুলিশ বলেছে, এক বছর আগে অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এরপর থেকে বিভিন্ন সময়ে তার সঙ্গে দৈহিক সম্পর্ক করেন। ভয়ে ছাত্রী বিষয়টি কাউকে জানায়নি। অসুস্থ হয়ে পড়লে গত রোববার শিক্ষকের কাছে বিষয়টি জানায় মেয়েটি। সোমবার শিক্ষক তাকে পটুয়াখালী শহরে নিয়ে যান। ওই দিন কোনো চিকিৎসা করা না গেলে রাতে এক নারীর কাছে রাখা হয় ছাত্রীটিকে। পরদিন হাসপাতালে নেওয়া হলে সেখানে বাবার সঙ্গে তাঁর দেখা হয়।
এদিকে মেয়েকে খুঁজে পেয়ে এবং ঘটনাটি জানার পর অভিভাবকেরা চিকিৎসকের পরামর্শে তার শারীরিক পরীক্ষা করান। এতে জানা যায়, মেয়েটি চার মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হলে তদন্ত কমিটি করা হয়। তদন্ত কমিটির সদস্যরা গতকাল বিদ্যালয়ে গেলে পুরো বিষয়টি প্রকাশ পায়। ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আলাউদ্দিন মৃধা বলেন, পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে ওই শিক্ষককে আটক করে পটুয়াখালী নিয়ে যায়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘তদন্ত প্রতিবেদন পেয়েছি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
থানাহাজতে অভিযুক্ত শিক্ষক প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল আমাকে ফাঁসানোর জন্য এই অভিযোগ তুলেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে আমি নির্দোষ প্রমাণিত হব।’
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।