ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও সেই দৃশ্য ধারণ, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা, মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার অভিযোগে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের তিন ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে শহরের সবুজবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছাত্রদের মধ্যে তাহসান (২২) পলিটেনিকের কম্পিউটার বিভাগের পঞ্চম সেমিস্টারের এবং নাজমুল হক ওরফে সিয়াম (২১) ও সাইদুর রহমান ওরফে জয় (২১) পুরকৌশল বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র।
সদর থানার পুলিশ জানায়, সোমবার শহরের একটি বাসায় নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে তাহসান। এ সময় তার সহযোগীরা ক্যামেরা দিয়ে সেই দৃশ্য ধারণ করে। এ ঘটনার পর সোমবার রাতেই ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। গতকাল সকালে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ক্যামেরা ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।