ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষক কারাগারে
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁকে কিশোরগঞ্জ-৪ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এস এম আনিসুল ইসলামের আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায়, উপজেলা সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমবার সকালে ওই স্কুলের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে স্কুলের ছাদে ডেকে নিয়ে যান। এরপর ভয়ভীতি দেখিয়ে তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেন। মেয়েটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে তার মাকে সব খুলে বলে। এরপর ওই ছাত্রীর মা থানায় গিয়ে অভিযোগ করেন। এলাকাবাসী ও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে। মঙ্গলবার রাত ১০টার দিকে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা নেয় পুলিশ। বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা বলেন, এ ঘটনার তদন্তের দায়িত্ব উপপরিদর্শক (এসআই) মো. আবদুল হাইকে দেওয়া হয়েছে।