ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত শিক্ষকের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে গতকাল বুধবার থানায় মামলা করেছেন ওই ছাত্রীর মা।
আহত ছাত্রী এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত ছাত্রীর শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন আছে। কয়েক জায়গা ফেটে রক্ত পড়েছে। তবে এখন সে শঙ্কামুক্ত।
আহত ওই ছাত্রী জানায়, মঙ্গলবার বেলা ১১টায় শিক্ষক নাসির উদ্দিন গণিত ক্লাস নিতে আসেন। ক্লাসে তিনি ১০ মিনিট সময় নির্ধারণ করে দিয়ে শিক্ষার্থীদের একটি জ্যামিতির সমাধান লিখতে দেন। খাতা জমা দিতে দেরি হওয়ার অভিযোগে নাসির উদ্দিন প্রথমে ছাত্রীটিকে কিল-থাপড় মারেন। এরপর ক্লাসরুমের মধ্যে থাকা বেঞ্চের ভাঙা পায়া দিয়ে পিটিয়ে জখম করেন।
আহত ছাত্রীর পরিবারের অভিযোগ, খাতা দিতে দেরি হওয়া শিক্ষকের রাগের একমাত্র কারণ নয়। ওই শিক্ষক তাঁদের মেয়েকে একাকী প্রাইভেট পড়ানোর কথা বলেছিলেন। কিন্তু মেয়ে এতে রাজি না হওয়ায় নাসির তাকে পিটিয়েছে। ছাত্রীর মা বলেন, তাঁর মেয়ে শিক্ষক নাসিরের এ বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও জানিয়েছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে আহত ছাত্রীর কয়েকজন সহপাঠী জানায়, তারা ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নাসিরের লোকজন বাধা দেয়। পরে এলাকার লোকজনের সহযোগিতায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গাজীরপাড় গ্রামের তিনজন বাসিন্দাও একই অভিযোগ করেন।
তবে নাসির উদ্দিন ছাত্রীর পরিবারের অভিযোগ সঠিক নয় দাবি করে বলেন, ‘সময় পার হওয়ার পরেও খাতা জমা না দেওয়ায় বেত দিয়ে সামান্য পিটিয়েছি। বেঞ্চের পায়া দিয়ে নয়।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, বিদ্যালয়ের কাজে তিনি এলাকার বাইরে আছেন। তবে বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ প্রমাণিত হলে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. অলি আহাদ জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, অভিযোগ পরমাণিত হলে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হবে।