ছাত্রীকে বেঁধে রেখে রান্নাঘরে অগ্নিসংযোগ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক স্কুলছাত্রীর (১৪) হাত-পা বেঁধে রেখে পাশের রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে মো. নাঈম আকন (২০) ও মো. মান্না (২২) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার জলাবাড়ি ইউনিয়নের আরামকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন স্কুলছাত্রী জানায়, সে নানাবাড়িতে থেকে স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনা করে। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে আরামকাঠী গ্রামের নাঈম ও মান্না তাকে উত্ত্যক্ত করতেন। কয়েক দিন আগে মেয়েটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এ ব্যাপারে অভিযোগ করে। গতকাল সোমবার সকাল সোয়া নয়টার দিকে মেয়েটি ঘরে একা ছিল। এ সময় জিনসের প্যান্ট ও গেঞ্জি পরা এবং মুখমণ্ডল কাপড় দিয়ে ঢাকা তিন যুবক ঘরে ঢুকে মেয়েটির মুখ চেপে ধরে হাত-পা বেঁধে ফেলে। এরপর ঘরের পাশের রান্নাঘরে আগুন ধরিয়ে দিয়ে যুবকেরা পালিয়ে যায়। আগুন দেখে মেয়েটির নানি ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
পিরোজপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোল্লা আজাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে গতকাল সন্ধ্যায় বলেন, মুখমণ্ডল কাপড় দিয়ে ডাকা থাকায় ঘটনায় জড়িত ব্যক্তিদের মেয়েটি চিনতে পারেনি। তবে সন্দেহভাজন হিসেবে মেয়েটিকে উত্ত্যক্ত করত এমন দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।