ছাত্রীকে মেরে আহত করার অভিযোগে শিক্ষক আটক
রাজবাড়ী সদর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ডাস্টার দিয়ে মেরে এক শিক্ষক আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার উপজেলার বেথুলিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়। শিক্ষকের বিরুদ্ধে এ অভিযোগ অস্বীকার করেছেন স্কুলটির প্রধান শিক্ষক।
পরিবারের ভাষ্য, ডাস্টারের আঘাতে স্কুলছাত্রীর বাঁ কাঁধের জোড়ায় ফাটল দেখা দিয়েছে। আহত স্কুলছাত্রী এখন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ওই শিক্ষককে আটক করেছে পুলিশ।
আহত স্কুলছাত্রীর নাম জাহানারা খাতুন (১৩)। সে সদর উপজেলার রায়নগর এলাকার আক্কাছ খানের মেয়ে। আটক শিক্ষকের নাম ওহিদুল ইসলাম। গতকাল শুক্রবার রাতে পুলিশ তাঁকে আটক করে।
স্কুলছাত্রীর বাবা আক্কাছ খান আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর থানায় বলেন, গত বৃহস্পতিবার ক্লাসে অঙ্ক না পারায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওহিদুল ইসলাম তাঁর মেয়ে জাহানারাকে ডাস্টার দিয়ে বাঁ কাঁধ ও হাতে আঘাত করেন। জাহানারা এতে আহত হলে স্কুলের শিক্ষকেরা তাকে স্কুলেই বিশ্রামে রেখে দেন। খবর পেয়ে দুপুরের পর স্কুল থেকে জাহানারাকে তিনি বাড়িতে নিয়ে আসেন। তবে বাড়ি আসার পর তাঁর মেয়ে যন্ত্রণায় কাতরাতে থাকলে রাতে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা এক্স-রে করার পরামর্শ দেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসেন। পরদিন শুক্রবার সকাল থেকে জাহানারা ব্যথায় কাতরাতে থাকলে দুপুর ১২টার দিকে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে মেয়ের পাশে বসে থাকা জাহানারার মা নবিরননেছা বলেন, ‘শুনেছি, স্যার ওকে (জাহানারা) ডাস্টার দিয়ে মেরেছেন।’
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুশীল কুমার রায় প্রথম আলোকে বলেন, জাহানারাকে মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। তার বাঁ কাঁধের জয়েন্টের ওপর ফাটল দেখা দিয়েছে। আরও দুই-তিন দিন হাসপাতালে থাকতে হবে। পুরোপুরি স্বাভাবিক হতে অন্তত এক মাস বাঁ হাতটি বিশ্রামে রাখতে হবে।
বেথুলিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মো. শাহজাহান বলেন, ওই দিন অঙ্ক না পারায় শিক্ষক ওহিদুল ইসলাম ডাস্টার দিয়ে জাহানারাকে আঘাত করেন। এতে কিছু না হলেও বেলা দেড়টার দিকে স্কুল ছুটি শেষে গেট দিয়ে দৌড়ে বের হওয়ার সময় জাহানারা নিচে পড়ে বাঁ হাতে আঘাত পায়। এ ছাড়া সে আগে থেকে বাঁ হাতে ব্যথা অনুভব করত বলে তার সহপাঠীদের কাছ থেকে জানা গেছে। তিনি আরও বলেন, ‘আমরা তার চিকিৎসার ব্যয় বহন করতে চেয়েছি। পরিবারের হাতে কিছু নগদ টাকাও দিয়েছি। এ অভিযোগে গতকাল রাত সাড়ে ১১টার দিকে পুলিশ শিক্ষককে নিজ বাড়ি থেকে আটক করেছে। আমরা আজ সকালে স্কুলের ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকদের সঙ্গে এ নিয়ে আলোচনায় বসেছিলাম।’ শিক্ষক ওহিদুল ১২ বছর ধরে বিনা বেতনে স্কুলে শ্রম দিয়ে আসছেন বলে তিনি জানান।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার মিয়া আজ দুপুরে বলেন, বিষয়টি জানার পর শিক্ষক ওহিদুল ইসলামকে গতকাল রাতেই পুলিশ আটক করেছে। তাঁকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্কুলছাত্রীর পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।