ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাত আটটায় পুলিশ তাঁকে ওই মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে। গতকাল বিকেলে ওই ছাত্রী তাঁর বিরুদ্ধে থানায় মামলা করে।
ছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষকের নাম মো. আল-আমিন সরকার (৩৮)। তিনি উপজেলার ফরাজীকান্দি নেদায়ে ইসলাম মহিলা মাদ্রাসার গণিত বিভাগের প্রভাষক। বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার সরাইলকান্দি গ্রামে। তিনি ওই মাদ্রাসাসংলগ্ন এতিমখানার একটি কক্ষে থাকেন। মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে প্রতিদিন সকাল-বিকেলে ব্যাচ করে তিনি ছাত্রীদের কোচিং করান। দশম শ্রেণির ওই ছাত্রীও প্রতিদিন সেখানে তাঁর কাছে পড়তে যেত।
ছাত্রীর দায়ের করা মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল আটটায় ওই ছাত্রী অঙ্ক করতে যান মাদ্রাসাশিক্ষক আল-আমিনের কাছে। কোচিং শেষে অন্য ছাত্রীরা চলে গেলেও ওই ছাত্রীকে কৌশলে সেখানে কিছুক্ষণ আটকে রাখেন আল-আমিন এবং যৌন নিপীড়ন করেন। লজ্জা-ক্ষোভে ওই ছাত্রী পরে মাদ্রাসায় ক্লাস না করেই সেখান থেকে বাড়ি চলে যায়। গত শনিবার পর্যন্ত সে মাদ্রাসায় যায়নি।
ওই সূত্র জানায়, শনিবার রাতে ওই ছাত্রী বিষয়টি তার বড় ভাই ও মা-বাবাকে জানায়। গতকাল বেলা ১১টায় সে মাদ্রাসার অধ্যক্ষের কাছে শিক্ষক আল-আমিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের লিখিত অভিযোগ করে। পরে বিকেল সাড়ে পাঁচটায় যৌন নিপীড়নের অভিযোগ এনে সে ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করে। গতকাল রাত আটটায় মাদ্রাসা এলাকা থেকে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
ছাত্রীর বড় ভাই বলেন, এ ঘটনায় তাঁর পরিবারের সদস্যরা মানসিকভাবে বিপর্যস্ত। ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
মাদ্রাসার অধ্যক্ষ মো. শহিদ উল্যাহ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে ছাত্রীর লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্তে মাদ্রাসার সহকারী অধ্যাপক আহমদ উল্যাহকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। ওই কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ওই শিক্ষককে আপাতত ক্লাস নেওয়া থেকে বিরত রাখা হয়েছে। পরিচালনা পর্ষদের সভা ডেকে তাঁর বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের ব্যাপারে মো. আল-আমিন সরকার বলেন, ঘটনার জন্য তিনি লজ্জিত ও দুঃখিত। ভবিষ্যতে আর কখনো এমন করবেন না।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন, ছাত্রীর দায়ের করা মামলায় ওই শিক্ষককে গতকাল রাত আটটায় গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বেলা একটায় চাঁদপুর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে তাঁকে চাঁদপুর কারাগারে পাঠানো হয়।