ছাত্রীকে যৌন হয়রানি করায় শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলেন এবং এ বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে’ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে উপাচার্য মীজানুর রহমান বলেন, গত বৃহস্পতিবার এক ছাত্রী নিজ বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন৷ অভিযোগটি তদন্ত করছে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন রোধ কমিটি৷ এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়৷