ছাত্রীকে যৌন হয়রানির অভিযোেগ শিক্ষক অবরুদ্ধ, পরে বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার রাতে সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গতকাল দুই দফায় প্রায় নয় ঘণ্টা অধ্যাপক সাইফুল ইসলামকে অবরুদ্ধ করে রাখেন বিভাগের শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, পরীক্ষার খাতায় নম্বর-সংক্রান্ত জটিলতার কথা বলে গত শনিবার তিনি এক ছাত্রীকে নিজ বাসায় ডেকে যৌন হয়রানি করেন। রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর পর সমাধান না পেয়ে গতকাল তাঁকে অবরোধ করা হয়।

উপাচার্য বরাবর লেখা আবেদনে ওই বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রী অভিযোগ করেন, ৮ সেপ্টেম্বর বিভাগীয় কার্যালয় থেকে ফোন করে তাঁকে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। পরীক্ষায় নম্বর-সংক্রান্ত জটিলতার কথা বলে গত শনিবার তাঁকে নিজের বাসায় ডাকেন চেয়ারম্যান।

শিক্ষার্থী দাবি করেন, পুরো বিষয়টি তিনি বিভাগের একজন শিক্ষিকাকে জানিয়েছেন। এমনকি শনিবার বিকেলে চেয়ারম্যানের বাসায় যাওয়ার কথাও ওই শিক্ষিকাকে মুঠোফোনে খুদে বার্তা দিয়ে তিনি জানিয়ে রাখেন। বাসায় যাওয়ার পর ওই শিক্ষক তাঁকে ‘শারীরিকভাবে লাঞ্ছিত’ করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেন ওই ছাত্রী। বাসায় অবস্থানের সময় তাঁর মুঠোফোনের রেকর্ডার চালু ছিল বলেও উল্লেখ করেন তিনি। আবেদনপত্রের সঙ্গে মুঠোফোনে ধারণ করা কথোপকথনও জমা দেওয়া হয়েছে।

গতকাল শ্রেণিকক্ষে গেলে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে ওই শিক্ষককে আটকে রাখেন শিক্ষার্থীরা। সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী গিয়ে তাঁকে উদ্ধার করে চেয়ারম্যানের নিজের কক্ষে দিয়ে আসেন। পরে সেখানেও তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। অবরুদ্ধ অবস্থায় সুষ্ঠু তদন্তের স্বার্থে অধ্যাপক সাইফুল তাঁর পদ থেকে অব্যাহতি চেয়ে রেজিস্ট্রারের কাছে আবেদন করেন। রাত সাড়ে আটটার দিকে তালা খোলা হয়।

নিজ কক্ষে যাওয়ার সময় নিজেকে নির্দোষ দাবি করে সাইফুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে এসব অভিযোগ ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।’

বেলা দুইটার দিকে অধ্যাপক সাইফুল ইসলামকে ‘আজীবন বহিষ্কারের’ দাবিতে ক্যাম্পাসে ক্রিয়াশীল বাম সমর্থিত ছাত্রসংগঠনগুলো বিক্ষোভ মিছিল করে। সন্ধ্যায় সিন্ডিকেট সভা শুরুর পর শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে সিনেট ভবনের সামনে মানববন্ধন করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘এক ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্তের পর তাঁর বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ গঠন করা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ ওই শিক্ষককে প্রশাসনিক ও একাডেমিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানান উপাচার্য।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে ওই শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা না হলে তাঁরা ফের আন্দোলন শুরু করবেন।