ছাত্রীকে যৌন নিপীড়ন: বিশ্ববিদ্যালয় থেকে আটজন বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে আদিবাসী এক ছাত্রীর যৌন নিপীড়নের ঘটনায় আটজনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপাচার্য বিশেষ ক্ষমতাবলে ওই আটজনকে সাময়িক বহিষ্কার করেন। আজ কার্যালয় থেকে এই আদেশ জারি করা হয়। তবে বহিষ্কৃতদের নাম প্রকাশ করা হয়নি।

গত মঙ্গলবার পয়লা বৈশাখের সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীর হাতে যৌন নিপীড়নের শিকার হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের এক আদিবাসী ছাত্রী। দিনব্যাপী ছাত্রলীগের সমঝোতার চেষ্টার পর গত বুধবার রাতে ঘটনাটি প্রকাশ পায়। এ বিষয়ে গতকাল দুপুরে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রী। ওই দিনই উপাচার্য লিখিত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলের কাছে হস্তান্তর করেন। এই সেলের প্রধান রাশেদা আখতার বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা একটি সভা করার চেষ্টা করছি। যত দ্রুত সম্ভব আমরা কাজ শুরু করব।’

এদিকে শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চ থেকে যৌন নিপীড়নের বিচারের দাবিতে আগামীকাল শনিবার বেলা ১১টায় মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নিপীড়নকারীদের আজীবন বহিষ্কার, বিশ্ববিদ্যালয় বাদী হয়ে নিপীড়নকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের, নিপীড়িত ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে মঞ্চ থেকে।

দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন বলেন, ‘আগামীকাল কর্মসূচির পর আমরা উপাচার্যের কাছে স্মারকলিপি দেব।’

উপাচার্য ফারজানা ইসলাম বলেন, প্রশাসনিক আদেশের মাধ্যমে আটজনকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ও অভিযোগকারী কারও নাম প্রকাশ না করার নির্দেশ রয়েছে।