ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বাধ্যতামূলক অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান মজুমদারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সদস্য উজ্জ্বল হোসেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, ২০১৪ সালের অক্টোবরে বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী অধ্যাপক কামরুল হাসানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির কাছে লিখিত অভিযোগ দেন। তদন্ত করে ওই কমিটি ২০১৫ সালের ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের কাছে কামরুল হাসানকে চাকরিচ্যুত করার সুপারিশ করে। পরে সুপারিশ পর্যালোচনা ও বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমদের নেতৃত্বে চার সদস্যের এ কমিটি পর্যালোচনা শেষে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সুপারিশ করে। সুপারিশ বৃহস্পতিবার সিন্ডিকেট সভায় পাস হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক কামরুল হাসানের বিরুদ্ধে অভিযোগ, তিনি মুঠোফোনে ওই ছাত্রীকে একাধিকবার আপত্তিকর প্রস্তাব দেন।
মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও অধ্যাপক কামরুল হাসান ফোন ধরেননি। এদিকে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিন্ডিকেট সদস্য জানান। এ ব্যাপারে চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটি কাজ করছে, নীতিমালা অনুযায়ী এর কয়েকজন সদস্য বৈধভাবে থাকতে পারেন না। তাই আমি বলেছি, কমিটি পুনর্গঠন করে কাজ শুরু করা হোক।’