রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খুন, অপহরণ, যৌন হয়রানি, ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। সর্বশেষ গত মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসে এক ছাত্রীর ওড়না কেড়ে নিয়ে যৌন হয়রানি করে মোটরসাইকেল আরোহী দুই যুবক। এসব ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
যৌন হয়রানির শিকার ইংরেজি বিভাগের ওই ছাত্রী বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাতটায় কাজলা থেকে হেঁটে হলে ফিরছিলেন। জুবেরি ভবনের পাশের রাস্তার প্রায় শেষ মাথায় আসতেই মোটরসাইকেলে দুজন ছেলে খুবই অশ্লীল কিছু কথা শুনিয়ে যায়। দু-তিন মিনিট পর তারা মোটরসাইকেল ঘুরিয়ে ফিরে এসে থাবা মেরে তাঁর ওড়না ছিনিয়ে নেয়। খানিক দূরে গিয়ে তারা থামল। অন্ধকারে তাদের দেখা যাচ্ছিল না। এরপর তারা ওড়না ফেলে চলে যায়। তিনি বলেন, সে সময় আশপাশে দু-একজন থাকলেও তারা কেউ কিছু বলেনি।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আমরা ওই ছাত্রীর সঙ্গে কথা বলেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’
এর আগে গত শুক্রবার সকালে ছাত্রী হলের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শেষ বর্ষের এক ছাত্রীকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যান তাঁর সাবেক স্বামী। পরে তাঁকে ঢাকা থেকে উদ্ধার করে পুলিশ। গত ১৫ মে সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভবনের সামনে ছিনতাইয়ের শিকার হন ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী। ছিনতাইকারীরা ছুরি দেখিয়ে তাঁর সাইকেল, মুঠোফোন, ঘড়ি, মানিব্যাগ ছিনিয়ে নেয়। ৮ মে রাতে জুবেরি ভবনের কাছ থেকে ছিনতাইয়ের শিকার হন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী। ওই দিনও ছুরি দেখিয়ে তাঁর কাছে থাকা টাকাপয়সা ও মুঠোফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এরও আগে ৩০ এপ্রিল ক্যাম্পাসে বেড়াতে এসে প্যারিস রোডে ছিনতাইয়ের শিকার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
এদিকে শিক্ষার্থীদের যৌন হয়রানি ও নিপীড়নের প্রতিবাদে গতকাল বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনের সামনে মানববন্ধনের আয়োজন করেন শিক্ষার্থীরা। এতে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের নিরাপত্তার নামে সান্ধ্য আইন করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় হলে প্রবেশের নিয়ম করার মাধ্যমে প্রমাণ করেছে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ। ক্যাম্পাসে একের পর এক অপকর্ম করে দুষ্কৃতকারীরা অনায়াসেই পালিয়ে যাচ্ছে। অথচ প্রশাসন তাদের প্রতিহত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারছে না।
মানববন্ধন থেকে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের বিধিনিষেধ আরোপ, মোটরসাইকেল ও গাড়িতে বিশ্ববিদ্যালয়ের স্টিকার ব্যবহার বাধ্যতামূলক, যৌন হয়রানির ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটি কার্যকর করার দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা নিয়ে আমরা একেবারে কঠোর অবস্থানে যাওয়ার উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। ক্যাম্পাসে পুলিশের টহলের পাশাপাশি সাদাপোশাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছেন। বহিরাগত ও মোটরসাইকেল চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে অভিযান পরিচালনা চালানো হবে।’