ছাত্রীকে যৌন হয়রানি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ ও যৌন হয়রানি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছে। রোকেয়া হলের ওই ছাত্রী গত রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়ার আগেই একই হলের কর্মকর্তা-কর্মচারীরা আজ মঙ্গলবার অভিযুক্ত শিক্ষকের পক্ষ নিয়ে ওই অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে পাল্টা অভিযোগ করেছেন।

অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক এ টি এম রফিকুল ইসলাম। তিনি রোকেয়া হলের আবাসিক শিক্ষক। অভিযোগকারী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী।

লিখিত অভিযোগে ওই ছাত্রীর ভাষ্য: ‘গত ২৩ নভেম্বর আমি রোকেয়া হলে সিটের জন্য হল প্রাধ্যক্ষের সঙ্গে দেখা করতে যাই। সেখানে হলের ওই আবাসিক শিক্ষক ছিলেন। তাঁরা সিট দিতে অপারগতা প্রকাশ করলে আমি আমার সাংগঠনিক পরিচয় দিই। এ সময় ওই শিক্ষক আমাকে এবং ছাত্রলীগ সম্পর্কে প্রাধ্যক্ষের সামনেই কুরুচিপূর্ণ মন্তব্য করেন। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে হলের র‍্যালি শেষ করে হলে ফিরতে দেরি হয় এবং হল গেটে ওই শিক্ষক আমাকে প্রাধ্যক্ষের রুমে দেখা করতে বলেন। রুমে গেলে প্রথমেই তিনি আমাকে বলেন, ‘শুধু ছাত্রলীগ করলেই কি হলে সিট হবে? হলে সিটের জন্য আমাদের কাছে আসতে হবে।’ এ সময় তাঁর কথাবার্তা এবং শারীরিক প্রকাশভঙ্গি ছিল আপত্তিকর ও অশোভনীয়।’

পরে ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ গত রোববারই ক্যাম্পাসে মানববন্ধন করে। একই দাবিতে গতকাল সোমবার ক্যাম্পাসে গণস্বাক্ষর কর্মসূচিও পালন করা হয়।

এদিকে অভিযুক্ত শিক্ষকের পক্ষ নিয়ে রোকেয়া হলের আবাসিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা আজ মঙ্গলবার ওই ছাত্রীর শাস্তি দাবি করে উপাচার্য বরাবর লিখিত আকারে পাল্টা অভিযোগ দিয়েছেন। অভিযোগের সঙ্গে ‘যৌন হয়রানির ঘটনা ঘটেনি’ মর্মে হলের আবাসিক শিক্ষার্থীদের স্বাক্ষরও সংযুক্ত করে দেওয়া হয়।

পাল্টা অভিযোগে বলা হয়, সাংগঠনিক পরিচয় দিয়ে ওই ছাত্রী গত ২৩ নভেম্বর অবৈধভাবে হলের সিট দাবি করেন। তবে ওই শিক্ষক ও প্রাধ্যক্ষ সিট দিতে অপারগতা প্রকাশ করেন। সেখানে ছাত্রলীগ সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি। এ ছাড়া গত ১৬ ডিসেম্বর হলের বিজয় র‍্যালি উদ্‌যাপন শেষে খাবার বিতরণ করার সময় ওই ছাত্রীকে খাবার গ্রহণ করতে দেখা যায়নি; এমনকি ওই শিক্ষকের সঙ্গে তাঁর দেখা বা কথা হয়েছে এমনটি হলের কারও নজরে পড়েনি। শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ ‘একেবারে বানোয়াট ও ভিত্তিহীন’। এর প্রতিবাদ জানিয়ে তাঁরা অভিযোগকারী ছাত্রীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রোকেয়া হলের প্রাধ্যক্ষর প্যাডে লেখা এই পাল্টা অভিযোগে স্বাক্ষর করেন হলের আবাসিক শিক্ষক রনক জাহান, কাজী ইমরুল কায়েস, উপ-রেজিস্ট্রার প্রণব কুমার বিশ্বাস, সেকশন অফিসার আবুল কালাম আজাদ, হিসাব সহকারী পিয়ারুল ইসলাম, উচ্চমান সহকারী নূরুল ইসলাম, সেকশন অফিসার শামিমা আকতার, সিনিয়র সহকারী শাহানা সুলতানা, ডেপুটি রেজিস্ট্রার ঝর্ণা রাণী গুণ, সহকারী রেজিস্ট্রার মকবুল হোসেন, পিয়ন আলাউদ্দিন শেখ ও অফিস পিয়ন ফারুক আক্তার।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গত রোববার ওই ছাত্রী অভিযোগ দেয়। এরপর আজ মঙ্গলবার ওই শিক্ষকের পক্ষে রোকেয়া হলের ছাত্রীদের স্বাক্ষর সংবলিত অভিযোগ পেয়েছি। আমরা সবার অভিযোগই খতিয়ে দেখছি। প্রকৃত ঘটনা তদন্ত করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’