ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ব্রাহ্মণ চন্দ্র উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের শিক্ষক আবু সাইদকে (৪২) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ওই ছাত্রীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বিকেলে জরুরি সভা করে আবু সাইদকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়। এ সময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির ১৩ জন সদস্যের মধ্যে ১০ জন উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান শেখ বলেন, বৃহস্পতিবার তাঁর স্কুলে প্রাক্‌–নির্বাচনী পরীক্ষা চলার সময় শ্রেণিকক্ষের মধ্যে ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন আবু সাইদ। ওই ছাত্রীর প্রশ্নের ওপর নিজের মোবাইল নম্বর লিখে দিয়ে যোগাযোগ করতে বলেন। তাঁর সঙ্গে যোগাযোগ করা না হলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখান সাইদ।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. সেলিম শেখ বলেন, শনিবার ওই শিক্ষককে সাত দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। নোটিশের জবাব পাওয়ার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

‘আমি কোনো অশোভন আচরণ করিনি’ দাবি করে সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষক আবু সাইদ সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রাক্‌–নির্বাচনী পরীক্ষার হলে কোনো ঘটনা ঘটেনি। আমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে কি না, তা-ও জানি না।’