ছাত্রীকে লাঞ্ছনার প্রতিবাদে সড়ক অবরোধ
মেহেরপুরে গতকাল বুধবার বাসভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে এক কলেজছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে আধঘণ্টা সড়ক অবরোধ করে রখে ছাত্রছাত্রীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি বাসে ভাঙচুর চালায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, মেহেরপুর সরকারি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রী গতকাল সকালে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি থেকে একটি বাসে ওঠে। শিক্ষার্থী হিসেবে সে নির্ধারিত ভাড়ার অর্ধেক দিতে গেলে বাসটির সুপারভাইজার তা নিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ওই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন সুপারভাইজার। পরে ওই ছাত্রী কলেজে পৌঁছে বিষয়টি জানালে ছাত্রছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বেলা ১১টার দিকে কলেজের সামনের সড়ক অবরোধ করে। এতে মেহেরপুর-কুষ্টিয়া ও মেহেরপুর-চুয়াডাঙ্গা পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় একটি বাসে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই সুপারভাইজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খোদা বলেন, অর্ধেক ভাড়া নিয়ে প্রায়ই লোকাল বাসের কর্মীরা ছাত্রছাত্রীদের লাঞ্ছিত করেন। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হলে ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে।