ছাত্রীকে লাঠি দিয়ে পেটাল বখাটে
মাগুরার মহম্মদপুর উপজেলার ফলসিয়া গ্রামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বেধড়ক লাঠিপেটা করেছে
স্থানীয় এক বখাটে তরুণ। গত বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রী মারধরের শিকার হয়।
এ ঘটনায় ওই দিন রাতে সোহেল রানা (২০) নামের ওই তরুণের বিরুদ্ধে মহম্মদপুর থানায় নারী ও শিশু
নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। স্কুলছাত্রীকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা
হয়েছে।
পুলিশ জানায়, বুধবার সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পথে সোহেল রানা ছাত্রীটির পথরোধ করে
প্রেমের প্রস্তাব দেয়। ছাত্রীটি তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রীকে পাশেই নিজ বাড়িতে ধরে
নিয়ে যায়। একপর্যায়ে ছাত্রীটিকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। এতে সে অচেতন হয়ে পড়ে। পরে তাকে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্কুলছাত্রীর বড় বোন জানান, বখাটে সোহেল স্কুলে যাওয়ার পথে তাঁর বোনকে প্রায়ই উত্ত্যক্ত করত। ওই
দিন স্কুলে যাওয়ার পথে সোহেল তাকে বাড়িতে ধরে নিয়ে যায় এবং লাঠিপেটা করে। এ খবর পেয়ে
তিনিসহ বাড়ির অন্য লোকজন সোহেলদের বাড়ি গেলে সোহেল তাঁদের ওপরও হামলা চালায়।
চিকিৎসাধীন ওই স্কুলছাত্রী জানায়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে বাড়িতে ধরে নিয়ে লাঠি দিয়ে
পেটায় সোহেল। সোহেল তার সঙ্গে অশালীন আচরণও করেছে। ওই সময় সোহেলদের বাড়িতে কেউ
ছিল না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মকসেদুল মোমিন বলেন, ওই
স্কুলছাত্রীর শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। ভর্তির সময় তার অবস্থা খারাপ ছিল। এখন ভালো
আছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার বলেন, ঘটনার পর থেকে সোহেল পলাতক। তাকে
গ্রেপ্তারের চেষ্টা চলছে।