ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ১
গাজীপুরের কাপাসিয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রী মক্তবে আরবি পড়তে গিয়ে গতকাল রোববার সকালে শ্লীলতাহানির শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন ময়মনসিংহের তারাকান্দার আবদুল ওহাব (৪৩)।
পুলিশ ও শিশুটির পরিবার সূত্র জানায়, কাপাসিয়া সদর ইউনিয়নের একটি মাদ্রাসায় প্রতিদিন সকালে এলাকার শিশুদের আরবি পড়ান আবদুল ওহাব। গতকাল সকাল সোয়া আটটায় পড়া শেষে সব শিশু চলে যায়। তবে কৌশলে পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে বসিয়ে রাখেন আবদুল ওহাব। পরে তিনি ব্যক্তিগত কামরায় ডেকে নিয়ে ছাত্রীটির শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় ছাত্রীটি চিৎকার দিয়ে দৌড়ে বাড়িতে চলে যায়। এরপর সে তার বাবাকে ঘটনাটি জানায়। তার বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আফজাল হোসেন ফরাজি এবং থানা-পুলিশকে ঘটনাটি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবদুল ওহাবকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা হয়েছে।