ছাত্রীকে 'অনৈতিক প্রস্তাবের' অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মীর মোশারেফ হোসেনকে (রাজীব মীর) স্নাতকোত্তর শ্রেণির শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে আদেশ জারি করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান বলেছেন, ছাত্রীকে ‘হুমকি ও অনৈতিক প্রস্তাব’ দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। তা ছাড়া ছাত্রীর সঙ্গে কথোপকথনের সময় রাজীব মীর দুই নারী শিক্ষকের নাম উল্লেখ করায় ওই দুই শিক্ষক বর্ণনা ভৌমিক ও প্রিয়াঙ্কা স্বর্ণকারকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
অবশ্য এই তিন শিক্ষকই প্রথম আলোকে বলেছেন, তাঁদের কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই প্রশাসন অব্যাহতি দিয়েছে। শিক্ষক রাজীব মীর বলেন, তাঁকে অভিযোগ সম্পর্কেও জানানো হয়নি। এককভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষকে প্রধান করে সব অনুষদের ডিন ও রেজিস্ট্রারকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে শিগগিরই প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান প্রথম আলোকে বলেন, সাংবাদিকতা বিভাগের কয়েকজন ছাত্রী রাজীব মীরের বিরুদ্ধে তাঁদের হুমকি দেওয়া ও খারাপ কথাবলাসহ বিভিন্ন ধরনের অভিযোগ এনেছেন। একজন ছাত্রী অভিযোগ করেছেন যে শিক্ষক রাজীব মীরের দেওয়া প্রস্তাব শুনতে না চাইলে তাঁকে পরীক্ষায় কম নম্বর দেবেন বলে হুমকি দেওয়া হয়। অন্য অভিযোগগুলো সম্পর্কে তদন্তের পর বলা যাবে। তিনি আরও বলেন, তদন্ত কমিটি কয়েকটি ভয়েস রেকর্ড পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। এ কারণে তারা বলেছে যে ওই তিন শিক্ষককে স্নাতকোত্তরের শিক্ষা কার্যক্রমে রাখা যায় না। তাতে অভিযোগকারীরা বিপদে পড়তে পারেন। এ কারণে আজ থেকে তিন শিক্ষককে ওই শ্রেণির শিক্ষা কার্যক্রম থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বিষয়টি সম্পর্কে জানতে রাজীব মীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, তাঁর কাছে কোনো কিছু জানতে চাওয়া হয়নি। অভিযোগের পরিপ্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। অপর দুই শিক্ষক বর্ণনা ও প্রিয়াঙ্কা বলেছেন, তাঁরা বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না। কিন্তু অব্যাহতি-সংক্রান্ত চিঠি পেয়েছেন। তাঁরা দুজনই বলেছেন, কারণ জানতে চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাঁরা চিঠি দিয়েছেন।
বর্ণনা ভৌমিক বলেন, কর্তৃপক্ষ আগামীকাল মঙ্গলবার তাঁর সঙ্গে কথা বলবে। তদন্ত দলও কথা বলবে।
রাজীব মীর ছাড়া অপর দুই নারী শিক্ষককে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার কারণ সম্পর্কে উপাচার্য মীজানুর রহমান বলেন, অভিযোগকারী ছাত্রী অভিযোগে বলেছেন, শিক্ষক রাজীব মীর তাঁকে হুমকি দিয়ে বলেছিলেন, তাঁর (রাজীব মীর) কথা না শুনলে ওই দুই নারী শিক্ষকও ওই ছাত্রীকে পরীক্ষায় কম নম্বর দেবেন। অভিযোগকারী ছাত্রীদের শিক্ষাজীবনের কথা ভেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্য বলেন, ওই ছাত্রীসহ অভিযোগকারী ছাত্রীরা তিন থেকে চার পৃষ্ঠায় নানা অভিযোগের কথা লিখেছেন। কিছু কথোপকথনের রেকর্ডও উপাচার্য কার্যালয়ে জমা দিয়েছেন। এগুলো তদন্ত কমিটির কাছে দেওয়া হয়েছে।
জানতে চাইলে শিক্ষক প্রিয়াঙ্কা স্বর্ণকার প্রথম আলোকে বলেন, তিনি বুঝতে পারছেন না তাঁর বিরুদ্ধে অভিযোগটা কী। তিনি এর কোনো কিছুর সঙ্গে যুক্ত নন। তাঁকে কেবল অব্যাহতি দেওয়া হয়েছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। তিনি বলেন, ‘আমি জেনেছি, স্যার (রাজীব মীর) আমাদের নাম বলেছেন। তিনি আমার নাম ব্যবহার করে বলেছেন। কিন্তু আমি কিছু জানি না।’ একই কথা বলেছেন অপর শিক্ষক বর্ণনা ভৌমিকও। তিনি বলেন, ‘আমার অপরাধটা কী, সেটাই বুঝতে পারলাম না। মাঝখানে আমার সামাজিক মর্যাদাটা নষ্ট হলো।’