ছাত্রীদের উত্ত্যক্ত ও শিক্ষিকাদের লাঞ্ছিত করত বখাটেদের চক্রটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জের আল-আমিনের (২২) নেতৃত্বে গড়ে ওঠা বখাটের একটি চক্র এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। সর্বশেষ ১২ জুন তারা একটি বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করা ছাড়াও চারজন শিক্ষিকাকে লাঞ্ছিত করে।

এসব অপরাধে জড়িত অভিযোগে চক্রের অন্যতম সদস্য সোহেল রানা ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪–এর একটি দল। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর গুলিস্তান ও করিমগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোহেল রানার তিন সহযোগী বয়সে কিশোর।

আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, ১২ জুন করিমগঞ্জ থানার জঙ্গলবাড়ি উচ্চবিদ্যালয়ে প্রাক্‌-নির্বাচনী ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলার সময় কিছু বখাটে প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় উঠে ছাত্রীদের ছবি তোলার চেষ্টা করে। এ সময় কয়েকজন শিক্ষিকা বখাটে ছেলেদের চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা তাঁদের দেখে নেওয়ার হুমকি দেয়। ওই দিন বিকেলে ছুটি শেষে কয়েকজন শিক্ষিকা অটোরিকশায় বাড়ি ফেরার পথে করিমগঞ্জের তালিয়াপাড়ায় বখাটেরা অটোরিকশার গতিরোধ করে। পরে তারা শিক্ষিকাদের শারীরিকভাবে লাঞ্ছিত ও গালাগাল করে।

এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি মামলা করেন। এ ছাড়া বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুলশিক্ষার্থীরা পরীক্ষা বন্ধ রেখে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হয়। র‌্যাব এরপরই বখাটেদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। চক্রের নেতা আল–আমিন এলাকায় ভিআইপি রানা ওরফে প্রিন্স রানা হিসেবে পরিচিত। আল–আমিনের অন্য তিন সহযোগীর বয়স ১৭ বছর।

খন্দকার আল মঈন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-আমিন র‌্যাবকে বলেন, এলাকায় উঠতি বয়সী কিশোরদের নিয়ে একটি সংঘবদ্ধ চক্র গড়ে তোলেন তিনি। চক্রের সদস্যরা ছাত্রীদের উত্ত্যক্ত করত। কোনো ছাত্রী প্রতিবাদ করলে আল-আমিন তাদের অ্যাসিডে ঝলসে দেওয়ার হুমকি দিতেন। স্থানীয় বাসিন্দারা বাধা দিলে চক্রের সদস্যরা তাঁদেরও ভয়ভীতি দেখাত ও রাস্তাঘাটে হেনস্তা করত। শিক্ষার্থীরা বিচারের দাবিতে মানববন্ধন করলে বখাটেরা আত্মগোপনে চলে যায়। সোহেল নামে চক্রের অন্যতম এক সদস্য রাজধানীর গুলিস্তানে এক বাসায় লুকিয়েছিল।