ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে ছয়জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে মেডিকেল কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে ছয় নির্মাণশ্রমিককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ওই কলেজের ক্যাম্পাসের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলো পাবনার ফরহাদ হোসেন (২২), ময়মনসিংহের রফিকুল ইসলাম (৫৬), আবদুল হাই (৪৫), টাঙ্গাইলের এখতিয়ার উদ্দিন (২৯), সাদ্দাম হোসেন (২০) ও চাঁদপুরের ফারুক হোসেন (২০)।
গাজীপুরের ট্রাফিক বিভাগের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন জানান, ওই কলেজের ছাত্রী হোস্টেলের পাশেই নতুন ভবন নির্মাণের কাজ চলছে। পাশের একটি ছাউনিতে কিছুসংখ্যক শ্রমিক রাতে থাকে। বেশ কিছুদিন ধরে তারা ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। পরে এক ছাত্রী ঘটনাটি তাঁর স্বজনদের মাধ্যমে এক ব্যক্তিকে জানান। গতকাল দুপুরে ওই ব্যক্তি পুলিশের দৃষ্টি আকর্ষণ করতে ফেসবুকে স্ট্যাটাস দেন। ঘটনাটি পুলিশের নজরে এলে বিকেলে পুলিশ ওই ভবন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।