কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনা বেড়েই চলেছে। সর্বশেষ গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে মোটরসাইকেল আরোহীরা এক ছাত্রীকে চড় মারে।
ওই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসও দেওয়া হয়। এ ছাড়া সম্প্রতি ছাত্রীর মাথায় পানি ঢেলে দেওয়াসহ ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় নবাব ফয়জুন্নেছা ছাত্রী হল থেকে বের হয়ে তিনজন ছাত্রী উপাচার্যের বাসভবনের সামনের সড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে খাবারের দোকানে যাচ্ছিলেন। এ সময় তাঁদের পেছন দিক থেকে মোটরসাইকেলে করে আসছিল দুজন আরোহী। একপর্যায়ে তারা মোটরসাইকেলের গতি কমিয়ে পাশাপাশি হাঁটতে থাকা এক ছাত্রীর পিঠে চড় মারে। পরে তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়ে।
গত বৃহস্পতিবার বেলা ২টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ডে এ প্রতিবেদক অপেক্ষা করছিলেন। এ সময় এক ছাত্র আরেক ছাত্রীর পথ আগলে দাঁড়ানোর চেষ্টা করেন। একপর্যায়ে ওই ছাত্র ওই ছাত্রীর ব্যাগ কেড়ে নেন। পরে ব্যাগ থেকে পানির বোতল বের করে ছাত্রীর মাথায় পানি ঢেলে দেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর আগে উপাচার্যের বাসভবনের সামনে অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হন। উপাচার্য আলী আশরাফ নিজেই ছিনতাইকারীদের ধাওয়া দেন।
গত বুধবার হিসাববিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে তাঁর তিন সহপাঠী শ্রেণিকক্ষে অশ্লীল গালিগালাজ করেন। একই সঙ্গে তাঁরা তাঁকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় ওই ছাত্রী প্রক্টর ও বিভাগীয় প্রধানের কাছে লিখিত অভিযোগ করেন।
ওই ছাত্রী অভিযোগ করেন, ‘২০১৫-১৬ শিক্ষাবর্ষের একই ব্যাচের ছাত্র রাফিউল আলম ওরফে দীপ্ত, জুনায়েদ আহমেদ ও মনজুরুল ইসলাম শ্রেণিকক্ষে আমাকে গালি দেয়। এর আগেও তারা আমার সম্পর্কে একাধিকবার বাজে মন্তব্য করে। আমি এ ঘটনার প্রতিবাদ করলে তারা আমাকে হত্যা করে লাশ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ঝুলিয়ে দেবে বলেক হুমকি দেয়।’
এ বিষয়ে জানতে রাফিউল আলমের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাঁকে পাওয়া যায়নি। তবে অপর দুই সহপাঠী জুনায়েদ আহমেদ ও মনজুরুল ইসলাম বলেন, ‘ও (মেয়েটি) বিভিন্ন সময় আমাদের বিষয়ে খারাপ কথা বলেছে। তাই তাকে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম। তখন মাথা গরম ছিল বলে খারাপ কথা বলেছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আইনুল হক বলেন, ‘মোটরসাইকেল থেকে ছাত্রীকে চড় মারা হয়েছে কি না তা জানা নেই। অন্য সব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হয়েছে।’