ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, আটক তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে একটি মাদ্রাসার ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় ওই মাদ্রাসার এক ছাত্র ও শিক্ষককে মারধর করেছে বখাটেরা। আজ শনিবার সকালে এ ঘটনার সময় তিন বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করেছেন।

আটক ব্যক্তিরা হলো উপজেলার কোটবাড়ি এলাকার সেলিম হোসেনের ছেলে শাকিব হোসেন, একই এলাকার শফিকুল ইসলামের ছেলে পায়েল মিয়া ও পাশের পাইকপাড়া এলাকার আওয়াল হোসেনের ছেলে আশিকুর রহমান।

মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সাতকুড়া এলাকার সাতকুড়া সুফিনগর দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। প্রতিদিনের মতো ওই মাদ্রাসায় শিক্ষার্থীদের ক্লাস চলছিল। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন ছাত্রী মাদ্রাসার টিউবওয়েলে পানি খেতে যায়। এ সময় চারজন বখাটে ওই মাদ্রাসার সীমানার ভেতরে ঢুকে ওই ছাত্রীদের উত্ত্যক্ত করে। এ সময় মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র আমিনুর ইসলাম তাদের বাধা দিলে তাকে কয়েকটি থাপ্পড় দেয় বখাটেরা। মাদ্রাসার শিক্ষক আবদুল হক ওই ছাত্রীদের উত্ত্যক্ত ও ছাত্রকে থাপ্পড়ের প্রতিবাদ করলে তাঁকেও মারধর করা হয়। পরে আহত শিক্ষককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনার কথা এলাকায় ছড়িয়ে পড়লে ধাওয়া দিয়ে শাকিব, পায়েল ও আশিকুর নামের তিন বখাটেকে আটক করেন স্থানীয় ব্যক্তিরা। এ সময় আরেক বখাটে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুপুরে আটক ব্যক্তিদের কালিয়াকৈর থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী।

ওই মাদ্রাসার সুপার আবদুল মালেক আমজাদি জানান, ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাদ্রাসার একজন ছাত্র ও এক শিক্ষককে মারধর করেছে বহিরাগত ওই বখাটেরা। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।