ছাত্রীদের মহাসড়ক অবরোধ ও মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটেদের হাতে লাঞ্ছিত হওয়ার পর মামলা করার পর বখাটেদের গ্রেপ্তারের দাবিতে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেছে পাবনার ঈশ্বরদীর রূপপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এর পরপরই সন্ধ্যায় ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় করা মামলার প্রধান আসামি হাসান আলীকে (১৯) গ্রেপ্তার করা হয়।
মহাসড়ক অবরোধের ঘটনায় পাকশী লালন শাহ সেতু থেকে দাশুড়িয়া মোড় পর্যন্ত আট কিলোমিটার অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, রূপপুর বালিকা বিদ্যালয়ের তিন ছাত্রী ২৪ সেপ্টেম্বর বিদ্যালয় ছুটি হলে বাড়ি ফিরছিল। বেলা সাড়ে তিনটার দিকে রাস্তা ফাঁকা পেয়ে তিন বখাটে একটি মোটরসাইকেলে করে ওই তিন ছাত্রীর রাস্তা আটকে তাদের উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে তাদের শারীরিকভাবেও লাঞ্ছিত করেন বখাটেরা। ঘটনা জানাজানি হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা পরদিন বৈঠকে বসেন। ওই দিনই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঈশ্বরদী থানায় তিন বখাটের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু দুদিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার না করায় ক্ষুব্ধ ছাত্রীরা গতকাল মহাসড়ক অবরোধ করে। তারা পাকশীর রূপপুর তিন সড়কের মোড়ে পথসভাও করে। পথসভায় বক্তব্য দেন বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না খাতুন, মুসলিমা খাতুন, বৃষ্টি খাতুন, পাকশী ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস প্রমুখ। ছাত্রীদের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে পাকশী রেলওয়ে কলেজ, স্বর্ণকলি বিদ্যাসদন, জয়েন উদ্দিন মাদ্রাসাসহ এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও।
খবর পেয়ে ঈশ্বরদীর ইউএনও শাকিল মাহমুদ ও থানার ওসি আবদুল হাই তালুকদার ঘটনাস্থলে এসে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
প্রতিবাদী ছাত্রীরা পুলিশকে আগামী শনিবার পর্যন্ত সময় বেঁধে দেয়। পথসভায় ছাত্রীরা অভিযোগ করে, মামলা হওয়ার পরও বখাটেরা এলাকায় মহড়া দিচ্ছেন, কিন্তু পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না। তাই বেঁধে দেওয়া সময়ের মধ্যে ওই বখাটেদের গ্রেপ্তার না করলে তারা আবারও কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর হোসেন জানান, ঈশ্বরদী থানায় এ ঘটনায় তিন বখাটের বিরুদ্ধে গত মঙ্গলবার মামলাটি নথিভুক্ত করা হয়। এতে অভিযুক্ত বখাটেরা হলেন, পাকশীর চররূপপুর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে হাসান আলী (১৯), বাবলু ফকিরের ছেলে বাঁধন ফকির (১৮) ও নতুন রূপপুর গ্রামের রিপন আলীর ছেলে মোহাম্মদ রকি (১৯)।
এদিকে ছাত্রীদের আন্দোলনের পরপরই গতকাল সন্ধ্যায় পাবনার ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের চাঁদ আলী মুন্নারমোড় এলাকা থেকে ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় করা মামলার প্রধান আসামি হাসান আলীকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে হাসান পুলিশের হেফাজতে রয়েছেন।
এদিকে দীর্ঘ দেড় ঘণ্টা অবরোধ থাকায় ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কে পাকশী লালন শাহ সেতু থেকে দাশুড়িয়া মোড় পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে মানুষ। যানজট ছাড়াতে পুলিশকে হিমশিম খেতে হয়।