ছাত্রীনিবাস থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মেডিকেল কলেজের আরমনি সুলতানা নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বেলা দেড়টায় কলেজের বেগম সুফিয়া কামাল ছাত্রী হলের ৪১১ নম্বর কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই কক্ষেই থাকতেন।
মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহবুব প্রথম আলোকে বলেন, আরমনি সুলতানা শেষ বর্ষের ছাত্রী ছিলেন। বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। ওই কক্ষের অন্য ছাত্রীরা বেলা দেড়টার দিকে ক্লাস শেষ করে গিয়ে দেখেন কক্ষটি ভেতর থেকে বন্ধ। তাঁরা অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে হল প্রশাসনকে খবর দেন। এরপর হলের লোকজন দরজা ভেঙে দেখেন সুলতানার লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অধ্যক্ষ আরও বলেন, ওই ছাত্রীর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। লাশের সুরতহাল করা হয়েছে। পরিবারের সদস্যরা চাইলে লাশের ময়নাতদন্ত করা হবে।
জানতে চাইলে খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই ছাত্রী মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া মামলার প্রক্রিয়া চলছে।