ছাত্রীনিবাসে থাকছেন পুরুষ কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় যুব প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রীনিবাসে প্রশিক্ষণার্থীদের সঙ্গে বাস করছেন কেন্দ্রের পুরুষ কর্মকর্তা-কর্মচারীরা। বিধি অনুযায়ী নিবাসটিতে শুধু নারী প্রশিক্ষণার্থীদেরই থাকার কথা। এ অবস্থায় যেমন কক্ষগুলোতে গাদাগাদি করে থাকতে হচ্ছে, তেমনি নিরাপত্তাহীনতা ও অস্বস্তিও কাজ করে নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে। পঞ্চগড় সদর উপজেলার শিংপাড়া এলাকায় যুব প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত। আধুনিক অবকাঠামো-সংবলিত এই যুব প্রশিক্ষণ কেন্দ্রের পাশেই রয়েছে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়।
সরেজমিনে দেখা যায়, ৩০ জন প্রশিক্ষণার্থী ধারণক্ষমতা-সংবলিত ছাত্রীনিবাসের কক্ষসংখ্যা আটটি। এর মধ্যে দ্বিতীয় তলায় চারটি ও প্রথম তলায় তিনটি কক্ষ মেয়েদের থাকার জন্য। প্রথম তলার অপর কক্ষটিতে খাবারেব (ডাইনিং) ব্যবস্থা। দ্বিতীয় তলার চারটি কক্ষে বিভিন্ন ট্রেডে (গবাদিপশু পালন, মৎস্য চাষ, সেলাই, কম্পিউটার বেসিক প্রশিক্ষণ) অংশ নেওয়া ২৩ জন নারী প্রশিক্ষণার্থী গাদাগাদি করে থাকছেন। নিচতলার তিনটি কক্ষে রয়েছেন তিনজন পুরুষ কর্মকর্তা ও কর্মচারী। মাঝের খাবারের কক্ষটিতে অতিকষ্টে রয়েছেন আরও চার নারী প্রশিক্ষণার্থী।
প্রায় সাত বছর ধরে ছাত্রীনিবাসের নিচতলার ওই তিনটি কক্ষে থাকছেন কেন্দ্রের ইলেকট্রিশিয়ান মোস্তফা কামাল, কম্পিউটার অপারেটর মো. মামুন ও নৈশপ্রহরী মো. জিয়া। তাঁদের মধ্যে মোস্তফা কামাল ও মামুন স্ত্রী-সন্তানসহ স্থায়ীভাবে থাকেন। নৈশপ্রহরী জিয়া কখনো স্ত্রীসহ আবার কখনো একাই অবস্থান করেন।
নারীনিবাস থেকে এসব পুরুষ কর্মকর্তা-কর্মচারীকে সরিয়ে নেওয়ার দাবি দীর্ঘদিনের হলেও সে বিষয়ে কর্তৃপক্ষ কর্ণপাতই করে না বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রতিবাদ করায় সম্প্রতি কম্পিউটার বেসিক প্রশিক্ষণ কোর্সের ৩৪তম ব্যাচে অংশ নেওয়া শিল্পী রানী রায় নামের এক প্রশিক্ষণার্থীকে মুঠোফোনে কথা বলার মতো তুচ্ছ অপরাধ দেখিয়ে নিবাসটি থেকে বের করে দেওয়া হয়েছে। পরে শিল্পী রানী ঘটনার প্রতিকার চেয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদনও করেছেন।
নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন আবাসিক নারী প্রশিক্ষণার্থী বলেন, এখানে নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে পুরুষ কর্মীরা থাকায় তাঁরা (নারী প্রশিক্ষণার্থী) সব সময়ই অস্বস্তির মধ্যে থাকেন। তাঁরা আরও বলেন, এসব কর্মীর জন্যই প্রতিটি কক্ষে সাত-আটজন করে প্রশিক্ষণার্থীকে গাদাগাদি করে থাকতে হচ্ছে। স্বল্পমেয়াদি প্রশিক্ষণের জন্য আসায় প্রতিবাদে কোনো কাজ হয় না বলে অভিযোগ করেন এসব নারী।
বিদ্যুৎমিস্ত্রি মোস্তফা বলেন, ‘স্যারদের অনুমতি নিয়েই আমরা এখানে আছি। তাঁরা সমস্যা মনে করলে চলে যাব।’
কেন্দ্রের উপ-প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল বলেন, ‘ছাত্রীনিবাসে যদিও পুরুষ স্টাফদের থাকা উচিত নয়, তবে জায়গা না থাকায় তাঁদের সেখানে থাকার অনুমতি দেওয়া হয়েছে। আপনারা যেহেতু বলছেন, তাহলে আগামী এক মাসের মধ্যে তাঁদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।’
পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আবুল হোসেন বলেন, ‘আসলে আবাসন-সংকটের কারণে আর নারী প্রশিক্ষণার্থীদের বিপদ-আপদের কথা বিবেচনা করে তাঁদের সেখানে থাকার অনুমতি দেওয়া হয়েছে।’