যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীনিবাস শেখ হাসিনা হলের শিক্ষার্থীরা বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ সময়ে তাঁরা হলের প্রভোস্টের কক্ষসহ হলের বিভিন্ন কক্ষের জানালার কাচ ভাঙচুর করেন।
এ ঘটনায় গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তারের সভাপতিত্বে জরুরি বৈঠক হয়েছে। ঘটনার তদন্তের জন্য বৈঠকে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
হলের কয়েকজন ছাত্রী জানান, তাঁদের খাবারের মূল্য বাবদ (মিল চার্জ) প্রতি মাসে ৫০০ টাকা পরিশোধ করতে হয়। আগামী সেপ্টেম্বর মাসের ২২ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলা থাকবে। এরপর ঈদের ছুটি। কিন্তু ওই মাসেরও পুরো মিল চার্জ পরিশোধ করতে বলা হয়েছে। আর ক্যানটিন থেকে খাবারের বাটি খোয়া গেলে তাদের জরিমানা করা হয়। এর প্রতিবাদে তারা আন্দোলন করে রাতেই প্রভোস্টকে হলে যাওয়ার দাবি জানান।
উপাচার্য বলেন, কোনো কারণ ছাড়াই ছাত্রীরা মধ্যরাতে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করেছেন। তাঁরা শিক্ষকদের সঙ্গে অসদাচরণ ও প্রাধ্যক্ষের কক্ষসহ বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করেছেন।