ছাত্রীর অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক কলেজছাত্রীর অশ্লীল ভিডিওচিত্র মুঠোফোনে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে চার বখাটের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার ওই ছাত্রী বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলাটি করেন।
ওই চার বখাটে হচ্ছে ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের মজিদুল ইসলাম ওরফে বাবু (২০), একই গ্রামের হাবিবুর রহমান (২১) ও নন্দিরকুটি গ্রামের ইউসুফ আলীর ছেলে আজিজুর রহমান (২২) এবং লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ওয়াপদা বাজার এলাকার রাশেদুল হক (২২)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ফুলবাড়ী উপজেলার স্থানীয় একটি কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীর (১৮) সঙ্গে মজিদুল ইসলাম প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত মঙ্গলবার সকালে মজিদুল কথা বলার জন্য ছাত্রীকে কলেজের দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষে নিয়ে যান। সেখানে আরও চার-পাঁচজন ছিলেন। সেখানে যাওয়ার পর মজিদুলের সহযোগী রাশেদুল হক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মজিদুল, তাঁর সহযোগী হাবিবুর, নন্দিরকুটি গ্রামের আজিজুর রহমান ওই দৃশ্য মুঠোফোনের ভিডিও ক্যামেরায় ধারণ করেন। ওই ছাত্রী বাড়িতে এসে ঘটনাটি অভিভাবকদের জানান। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেন।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ বলেন, ওই ছাত্রী পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে চার তরুণের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।