ছাত্রীর অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ায় তরুণ গ্রেপ্তার
স্কুলছাত্রীর অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী বাজারের মোবাইল হাউসের স্বত্বাধিকারী শামীম রেজাকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে গাংনী থানার পুলিশ তাঁর দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করে।
এ সময় দোকান থেকে ভিডিও ছড়িয়ে দেওয়া একটি কম্পিউটার জব্দ করেছে পুলিশ। শামীম হোসেনের বাড়ি কাথুলী গ্রামে।
পুলিশ সূত্রে জান গেছে, কাথুলী এলাকার কয়েকজন বখাটে যুবক ওই ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে। পরে তা শামীমের দোকানের কম্পিউটার থেকে বিভিন্ন ব্যক্তির মোবাইলে ছড়িয়ে দেয়। এ ঘটনায় বুধবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বখাটে তিন যুবক ও শামীমকে আসামি করে তথ্যপ্রযুক্তি ও পর্নোগ্রাফি আইনে থানায় মামলা করেন।
মামলা তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার উপরিদর্শক (এসআই) শংকর কুমার ঘোষ বলেন, অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন শামীম। তাঁকে মেহেরপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। বাকি তিন আসামিকে আটকের চেষ্টা চলছে।