ছাত্রীর ওপর দাহ্য পদার্থ নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাসিড অথবা দাহ্য পদার্থ নিক্ষেপ করার ঘটনা চরম বর্বরতা। সমাজে বর্বর ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজন দ্রুত শাস্তি।

গতকাল সোমবার দুপুরে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকায় শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এ কথা বলেন। তাঁরা সুনামগঞ্জে কলেজছাত্রীর ওপর দাহ্য পদার্থ নিক্ষেপের ঘটনায় দোষী ব্যক্তির দ্রুত শাস্তি দাবি করেন।

সুনামগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর ওপর গত বুধবার রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দাহ্য পদার্থ নিক্ষেপ করে এক বখাটে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ‘যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক’ সিলেট জেলা কমিটি।

মির্জাজাঙ্গাল এলাকায় দুপুর ১২টায় আয়োজিত এ কর্মসূচিতে মির্জাজাঙ্গাল বালিকা উচ্চবিদ্যালয় ও রসময় মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়।

টিআইবির সচেতন নাগরিক কমিটির সভাপতি ইরফানুজ্জামান চৌধুরী, রসময় মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জলি প্রভা চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন।