ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের শিরোইল শান্তিবাগ এলাকার একটি বাসা থেকে আজ শুক্রবার ফারজানা আফরোজ (২৩) নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ফারজানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। 

বোয়ালিয়া থানার পুলিশ জানায়, ফারজানার গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদীতে। তাঁর স্বামী আকিবুজ্জামানও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিন মাস আগে তাঁরা রাজশাহী নগরের শিরোইল শান্তিবাগ এলাকার একটি ফ্ল্যাট ভাড়া নেন। আজ শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে ওই ফ্ল্যাটের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, এটি আত্মহত্যা।
ফারজানার ভাই আবদুর রহমান প্রথম আলোকে বলেন, পরিবারের অমতে তিন বছর আগে চাচাতো ভাই আকিবুজ্জামানকে বিয়ে করেন ফারজানা। বিয়ের পর থেকে পরিবারের সঙ্গে ফারজানার কোনো যোগাযোগ ছিল না।
আবদুর রহমান বলেন, তাঁর ধারণা, শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনের কারণেই ফারজানা আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁরা আইনগত ব্যবস্থা নেবেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান সাংবাদিকদের বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।