ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, থানায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের গোপালপুরে গত শনিবার সন্ধ্যায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ছাত্রীর মা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে এক জনপ্রতিনিধিসহ ছয়জনকে আসামি করে গতকাল রোববার থানায় মামলা করেছেন।

মারা যাওয়া ছাত্রীর নাম সামিয়া আক্তার। সে হাদিরা ইউনিয়নের ভাদুরীরচর গ্রামের বাসিন্দা।

ওই ছাত্রীর পরিবার ও পুলিশ জানায়, গ্রামের নূরুল ইসলামের মেয়ে সামিয়া স্থানীয় এক বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। একসঙ্গে লেখাপড়ার কারণে গ্রামের এক কিশোরের সঙ্গে তার বন্ধুত্ব হয়। গত শুক্রবার রাত আটটার দিকে ওই কিশোর সামিয়ার বাড়িতে যায়। এ সময় স্থানীয় তোজাম্মেল ও রফিকুল নামের দুই ব্যক্তি বাইরে থেকে সামিয়ার ঘরের দরজা বন্ধ করে দেন। পরে তাঁরা আশপাশের লোকজন ডেকে জড়ো করেন। স্থানীয় লোকজন তাদের দুজনকে বিয়ে দেওয়ার চেষ্টা করেন।

এ সময় ওই কিশোরের পক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছবুর উদ্দিন তাঁর লোকজন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি সামিয়াকে কটূক্তি ও লাঞ্ছিত করেন।

এ ঘটনার পর শনিবার সকাল থেকে ইউপি সদস্য ছবুর ও ওই কিশোরের পরিবারের লোকজন সামিয়াকে নিয়ে গ্রামে নানা কটুকথা বলতে শুরু করেন। এ পরিস্থিতিতে সামিয়া শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে বাঁশঝাড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সন্ধ্যার দিকে তার লাশ ঝুলতে দেখে আশপাশের লোকজন গোপালপুর থানায় খবর দেন। রাতে পুলিশ লাশ উদ্ধার করে।

গতকাল রোববার সামিয়ার মা আছমা বেগম বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে সামিয়ার বন্ধু, ইউপি সদস্য ছবুর উদ্দিনসহ ছয়জনকে আসামি করে গোপালপুর থানায় মামলা করেছেন। সামিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোপালপুর থানার ওসি আবদুল জলিল জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।