ছাত্রীর বাবা খুনের ঘটনায় গ্রেপ্তার হয়নি আসামিরা
মানিকগঞ্জের হরিরামপুরে বখাটের হাতে স্কুলছাত্রীর বাবা খুনের ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহত বিল্লাল হোসেনের (৪৫) ছোট ভাই জিলাল হোসেন গতকাল সন্ধ্যায় বলেন, মামলা হয়েছে দুই দিন হয়। এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তিনি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মামলার তদন্ত কর্মকর্তা ও হরিরামপুর থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পলাতক আসামিদের আত্মীয়স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
শিবালয় উপজেলার কাক্কোল গ্রামের বাসিন্দা নিহত বিল্লালের পরিবার বলেছে, তাঁর দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে দুই বছর ধরে দক্ষিণ খানপুর গ্রামের বখাটে সুমন মিয়া (২২) উত্ত্যক্ত করছিলেন। এ বিষয় বিল্লাল হোসেন সুমনের অভিভাবকদের কাছে নালিশ করলেও কাজ হয়নি। সম্প্রতি বিল্লালের মেয়েকে বিয়ে করার প্রস্তাব পাঠান সুমন। বিল্লাল ও তাঁর পরিবার এতে রাজি না হওয়ায় সুমন তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন।
মাচাইন গ্রামে গত বুধবার রাতে বিল্লালের রক্তাক্ত লাশ পড়ে ছিল।