ছাত্রীর মামলায় ছাত্রলীগের ৬ জন গ্রেপ্তার
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় কলেজছাত্রীকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে জেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানাসহ ছয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছাত্রলীগের নেতা-কর্মীদের গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারের পর আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোহেল রানা ছাড়া অন্যরা হলেন: কাজীপুরের একটি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম ওরফে ডন, ছাত্রলীগের কর্মী একই উপজেলার ফরহাদ হোসেন ওরফে রেজা, নূর মোহাম্মদ, মুকুল হোসেন ও আল-আমিন। এ ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রলীগ সোহেল রানা ও আশরাফুলকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।
কাজীপুর থানার পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, গত বুধবার বগুড়ার শেরপুর উপজেলার এক কলেজছাত্রী তাঁর খালাতো ভাইয়ের সঙ্গে কাজীপুরে খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে ছাত্রলীগ নেতা সোহেল ও আশরাফুল তাঁদের কটূক্তি করেন। পরের দিন বৃহস্পতিবার বাড়ি ফিরে যাওয়ার পথে সোহেল ও আশরাফুল আরও চারজন বন্ধুকে সঙ্গে নিয়ে কলেজছাত্রীর পিছু নেয়। একপর্যায়ে জোর করে স্থানীয় একটি চরে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের চেষ্টা চালান। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে কাজীপুর থানার পুলিশ বিষয়টি নাটুয়াপাড়া পুলিশ ফাঁড়িকে জানায়। ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে কলেজছাত্রীকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে ফরহাদ, নূর মোহাম্মদ, মুকুল ও আল-আমিনকে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্যমতে ছাত্রলীগ নেতা সোহেল ও আশরাফুলকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি জানাজানি হলে কেন্দ্রীয় ছাত্রলীগ শুক্রবার জরুরি বৈঠক করে দুজনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। সোহেল ও আশরাফুলকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একরামুল হক।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই কলেজছাত্রী বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করেছেন। ছয়জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।