ছাত্রীর শ্লীলতাহানি, বখাটেকে পুলিশে সোপর্দ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে ঘটনাস্থল থেকে এক বখাটেকে আটক করেন এলাকাবাসী। পরে তাঁকে পুলিশে দেন। বখাটের বিরুদ্ধে ছাত্রীটির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে।
মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল বিকেলে বাড়িতে অনুষ্ঠান শেষে মেয়েটি স্বজনদের সঙ্গে ছবি তোলে। এ সময় বখাটে (২৭) মুঠোফোনে মেয়েটির ছবি তোলেন। এরপর ফটোশপের মাধ্যমে মেয়েটির ছবির সঙ্গে নিজের ছবি যুক্ত করেন। পরে ওই ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রীকে কুপ্রস্তাব দেন ওই যুবক। এতে মেয়েটি রাজি না হওয়ায় ওই বিকৃত ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। গত সোমবার রাতে ছাত্রীটির বাড়ির পাশে ওত পেতে থাকেন ওই যুবক। একপর্যায়ে ছাত্রীটি প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে তিনি মেয়েটির শ্লীলতাহানি করেন। এ সময় মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে এসে ঘটনাস্থল থেকে বখাটেকে আটক করেন। পরে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।
স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ওই ছাত্রী গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলে, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে তাকে ওই বখাটে উত্ত্যক্ত করতেন।
জানতে চাইলে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, বখাটেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।