ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, প্রতিবাদে মিছিল ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গত সোমবার এক স্কুলছাত্রীকে (১৫) শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
গতকাল বেলা ১১টার দিকে সাফা বাজারে স্থানীয় লোকজন ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল করে। মিছিল শেষে সাফা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশ হয়। এতে বিদ্যালয়টির প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মণ্ডল সভাপতিত্ব করেন।
মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, আসামিরা পলাতক। গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্র জানায়, ধানীসাফা গ্রামের এক তরুণ (২০) দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। সোমবার এক বান্ধবী ওই ছাত্রীকে মুঠোফোনে তার বাসায় ডেকে নেয়। সেখানে ছেলেটি তাঁর দুই বন্ধুকে নিয়ে যান। এ বাসায় ওই তরুণ ছাত্রীর শ্লীলতাহানি করেন। এ সময় মেয়েটি চিৎকার দিলে ছেলেটি ও তাঁর বন্ধুরা ছাত্রীর গলায় গামছা পেঁচিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। স্থানীয় লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করেন। রাতে ছাত্রীর বাবা ওই তরুণকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
ওই ছাত্রী বলে, ‘ছেলেটি আমাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। বান্ধবী ডেকে নিয়ে গেলে তার বাসায় আমাকে ছেলেটি ও তাঁর বন্ধুরা শ্লীলতাহানি ও মারধর করে।’