ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে শ্রেণিকক্ষে শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় ওই ছাত্রী নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে। 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, আজ শনিবার সকালে বিজ্ঞান বিভাগের ওই ছাত্রী স্কুলে যায়। বৃষ্টির কারণে ওই শ্রেণির আর কোনো শিক্ষার্থী তখন পর্যন্ত ক্লাসে যায়নি। ওই সময় বিজ্ঞান বিভাগের এক শিক্ষক শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রীর শ্লীলতাহানি করেন। ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে ওই শিক্ষককে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে ওই ছাত্রী থানায় অভিযোগ দিলে শিক্ষককে আটক করে থানায় নেওয়া হয়।
এসআই শফিকুল জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে স্থানীয় সাংসদ সেলিম ওসমানের সমর্থনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে শ্লীলতাহানির অভিযোগে ওই শিক্ষককে গ্রেপ্তারের দাবি জানানো হয়। এই দাবিতে সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হলে পরিবহন শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা ও ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক জানান, স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকেরা বিভিন্ন স্থানে এলোপাতাড়ি যানবাহন ফেলে রেখে সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে ওই শিক্ষকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলে তারা অবরোধ তুলে নেয়।