ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দস ফকির।

এলাকাবাসী এবং ওই স্কুল সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি আওয়ামী লীগের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতা এবং স্কুলটির সঙ্গে যুক্ত। ১৩ মার্চ তিনি স্কুলটির এক ছাত্রীকে পরীক্ষার সাজেশন দেওয়ার কথা বলে পূর্ব বাসাবোয় তাঁর নিজস্ব কার্যালয়ে ডেকে নিয়ে যান। সেখানে তিনি ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে। এই অভিযোগে আজ বেলা সাড়ে ১১টার দিকে স্কুলটির সামনে মানববন্ধন করেছেন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (সবুজবাগ জোন) ওবায়দুর রহমান বলেন, ওই ছাত্রী নিজেই বাদী হয়ে আজ সবুজবাগ থানায় মামলা করেন। এরপর মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করা হয়।

জানতে চাইলে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল আলম বলেন, এ ধরনের অভিযোগের কথা তিনি শুনেছেন। আজ রাতে গভর্নিং বডির নতুন সভায় এ ব্যাপারে আলোচনা হবে।