ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলায় একটি কোচিং সেন্টারের পরিচালককে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল শুক্রবার তাঁকে ছয় মাসের জেল দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ওই ব্যক্তির নাম সাইদুর রহমান (৩৫)। তিনি মেক্সিম কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক। গতকাল কোচিং সেন্টারটি তালাবদ্ধ করে দিয়েছে পুলিশ।

একাদশ শ্রেণির ওই ছাত্রী বলে, সে এক বছর ধরে উপজেলা সদরের চরগাধাতলী মহল্লার মেক্সিম কোচিং সেন্টারে পড়ছে। কিছুদিন ধরে সাইদুর রহমান তাকে উত্ত্যক্ত করছিলেন। গত ২৯ অক্টোবর সকালে এক সহপাঠী বান্ধবীসহ সে কোচিং সেন্টারে যায়। কিছুক্ষণ পর সাইদুর রহমান মা যেতে বলেছেন জানিয়ে ওই সহপাঠীকে বাড়ি পাঠিয়ে দেন। মেয়েটি চলে যাওয়ার পর সাইদুর তার শ্লীলতাহানি করেন এবং ধর্ষণের চেষ্টা চালান। চিৎকার দেওয়ার হুমকি দিলে তাকে ছেড়ে দিয়ে এ ঘটনা কাউকে না বলার জন্য ভয় দেখানো হয়।

ছাত্রীর বাবা বলেন, ‘বিষয়টি আমাকে জানানোর পর বৃহস্পতিবার মেয়েকে নিয়ে ইউএনও মাহবুব আলমের কাছে যাই। সেখানে মেয়ে লিখিতভাবে অভিযোগকরে।’

গৌরনদী মডেল থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, বৃহস্পতিবার রাতে সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।