ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, ছয় যুবকের কারাদণ্ড
তিস্তা সড়ক সেতু দেখতে আসা রংপুরের পীরগাছা উপজেলায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার দায়ে ছয় যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাত আটটার দিকে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শফিকুল ইসলাম এ দণ্ড দেন।
সাজাপ্রাপ্তরা হলেন: লালমনিরহাট সদর উপজেলার বালাপাড়া গ্রামের দুলাল হোসেন (৩০) ও একই গ্রামের আলম মিয়া (২৪) এবং কাচারীপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (২৪), মিনারুল ইসলাম (২৩), রাশেদুল ইসলাম (২৪) ও হাবিবুর রহমান (২২)।
আদালত সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজার সামনে চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে কর্তব্যরত পুলিশ সদস্যরা ছুটে যান। পুলিশ সদস্যরা গিয়ে দেখেন, একটি মেয়ে কাঁদছে। আর তাকে টানাহেঁচড়ার চেষ্টা করছে। পরে পুলিশ ওই ছয় যুবককে আটক করে এবং মেয়েটিকে উদ্ধার করে। মেয়েটি পুলিশকে জানায়, সে স্থানীয় এক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। দুই বন্ধুসহ সে তিস্তা সড়ক সেতু এলাকায় বেড়াতে গিয়েছিল। তখন ওই ছয় যুবক তার দুই বন্ধুকে চড় থাপ্পড় মেরে ও ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন। এরপর ওই যুবকেরা তার শ্লীলতাহানির চেষ্টা করেন।
লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, ওই ছাত্রীকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। এরপর রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় যুবককে কারাদণ্ড দেওয়া হয়। রাতেই তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।