ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বাবু খলিফা (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বাবুকে গ্রেপ্তার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রী (১২) দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মডেল টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। পথে বাবু খলিফা ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। ওই ছাত্রী চিৎকার দিলে একজন অটোরিকশাচালক এগিয়ে আসেন। তখন বাবু ওই চালককে পিটিয়ে আহত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ওই চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ওই ছাত্রীর বাবা মঙ্গলবার রাতে বাবুকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পুলিশ আজ সকালে বাবুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।